রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখযোদ্ধা শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই খুলনায় আরেকটি ভয়াবহ হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। প্রকাশ্য দিবালোকে তার মাথায় গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক। ২২ ডিসেম্বর সোমবার দুপুর পৌনে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে আসা দুইজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন।
এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে লেখেন:“এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।”এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন,-“সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। তার অবস্থা আশঙ্কাজনক।”
ঘটনাস্থলে পুলিশের তৎপরতা দেখা গেলেও এখন পর্যন্ত কোনো ব্যক্তিকে আটক করা হয়নি। পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
এই হামলার ঘটনায় এনসিপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে অভিহিত করেছেন।
এদিকে, দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা ও গণমাধ্যমের ওপর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বেড়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2025/12/22/newsid-1393/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ণ