সাম্প্রতিক সময়ে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার তীব্র নিন্দা জানিয়ে অপশক্তির বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন শুধু সচেতন হওয়ার সময় নয়, বরং এই অপশক্তির বিরুদ্ধে সক্রিয়ভাবে রুখে দাঁড়ানোর সময় এসেছে।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, “দেশে একটি কঠিন পরিস্থিতি বিরাজ করছে। গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা শুধু সাংবাদিকতার ওপর আঘাত নয়, জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের ওপরও বড় ধরনের আঘাত।
একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে চাইছে। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এখন জরুরি। সংবাদ সম্মেলনে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম বলেন, হামলাকারীরা শুধু ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করতে আসেনি, তারা মূলত হত্যা করতেই এসেছিল।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “এখন মতপ্রকাশের স্বাধীনতার চেয়েও বেঁচে থাকা এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামোতে যারা আছেন, তাদের পেছন থেকে মব সন্ত্রাসীরা ইন্ধন পাচ্ছে। সাধারণ মানুষ আজ নিরাপত্তা নিয়ে গভীরভাবে শঙ্কিত।”
সম্পাদক পরিষদ ও নোয়াব নেতৃবৃন্দ অবিলম্বে গণমাধ্যমের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সরকারের আরও কার্যকর ও দ্রুত পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সম্পাদক পরিষদ ও নোয়াবের অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2025/12/22/newsid-1390/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ণ