ছোটপর্দা ও বড়পর্দার একসময়ের পরিচিত মুখ আফসান আরা বিন্দু। অসংখ্য টিভি নাটক, সিনেমা ও জনপ্রিয় জুটির অংশ হয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু কালের বিবর্তনে প্রায় এক দশক ধরে তিনি হয়ে উঠেছেন ‘হারিয়ে যাওয়া’ অভিনেত্রী।
২০১৪ সালের পর আর কোনো কাজে দেখা যায়নি বিন্দুকে। সামাজিক মাধ্যমেও ছিলেন প্রায় অনুপস্থিত। তবে ২০২৩ সালে ওয়েব ফিল্ম ‘উনিশ২০’-এ আরেফিন শুভর সঙ্গে জুটি বেঁধে নতুন রূপে ফিরে আসেন। দর্শকরা আবারও পুরোনো জুটির রসায়নের প্রশংসায় পঞ্চমুখ হয়। কিন্তু সেই ফিরে আসার পরও আবারও তিনি আড়ালে চলে যান।
বিন্দুর ক্যারিয়ারের শুরু হয় ২০০৬ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে। তারপর তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। এরপর ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘জাগো’ এবং ‘এই তো প্রেম’-এর মতো ছবিতে কাজ করেন। বিশেষ করে ‘এই তো প্রেম’-এ ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে অভিনয় তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অধ্যায়।
সম্প্রতি পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে বিশেষ অতিথি হয়ে আসেন বিন্দু। সেখানে তিনি নিজের অভিনয়জীবন, দীর্ঘ বিরতি ও ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ নিয়ে খোলামেলা কথা বলেন।
আরেফিন শুভর সঙ্গে পর্দার রসায়ন প্রসঙ্গে বিন্দু বলেন, “পর্দায় তার সঙ্গে আমার রসায়ন অসম্ভব ভালো—এটা সত্যি। এই রসায়নটা আসে দুজনের ভালো বোঝাপড়া থেকে।” তিনি আরও বলেন, শুভসহ যাদের সঙ্গে কাজ করেছেন, সবাই তার প্রতি সহযোগিতাপূর্ণ ছিলেন। ‘উনিশ২০’-এ দর্শকদের পছন্দটা স্পষ্ট হয়েছে বলে মনে করেন তিনি।
প্রেম ভাঙার প্রসঙ্গে সঞ্চালকের প্রশ্নের জবাবে বিন্দু বলেন, “কেন প্রেম ভেঙে গেল—এর উত্তর আমার কাছেও নেই। দুটো মানুষের পথচলা যে একই জায়গায় শেষ হতেই হবে, এমন তো কোনো কথা নেই। আমরা কাজ নিয়ে এতটাই মনোযোগী ছিলাম যে, এর বাইরে অতিরিক্ত কিছু ভাবার সুযোগই ছিল না। আমরা সবাই কাজটাকেই পাগলের মতো ভালোবাসতাম।”
ভবিষ্যতে আবার জুটি?
ভবিষ্যতে আরেফিন শুভর সঙ্গে আবার কাজ করবেন কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুযোগ এলে তার আগ্রহ আছে। সবকিছু অনুকূলে থাকলে আবারও শুভর সঙ্গে কাজ করতে চান তিনি। আফসান আরা বিন্দুর সৌন্দর্য, সাবলীল অভিনয় ও পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতি একসময় দর্শকদের মন জয় করেছিল।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/entertainment/2025/12/22/newsid-1387/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ণ