শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যু ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শুক্রবারের পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। একই সঙ্গে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ রাত সাড়ে ৮টায় দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি কর্মসূচি নির্ধারিত ছিল। এছাড়া বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচিও আপাতত স্থগিত রাখা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সঙ্গে আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজনৈতিক বিশ্লেষক ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শাহাদাত এবং আগামীকাল শনিবার ঘোষিত রাষ্ট্রীয় শোকের প্রেক্ষাপটে বিএনপি তাদের দলীয় কর্মসূচিতে এই পরিবর্তন এনেছে। রাতের বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় দলের পরবর্তী করণীয় ও আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/politics/2025/12/19/newsid-1302/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ