পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাজীবনের ভয়াবহ পরিস্থিতি নিয়ে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজে এক আবেগঘন সাক্ষাৎকার দিয়েছেন তার দুই পুত্র কাসিম ও সুলাইমান খান। দীর্ঘ আড়াই বছর ধরে বন্দি বাবার বর্তমান অবস্থাকে তারা কেবল খারাপ নয় বরং অত্যন্ত ভয়াবহ বলে বর্ণনা করেছেন। তাদের দাবি ইমরান খানকে বর্তমানে কারাগারের এমন এক প্রকোষ্ঠে রাখা হয়েছে যা মূলত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জন্য নির্ধারিত এবং একে তারা ডেথ সেল হিসেবে অভিহিত করেছেন।
কাসিম ও সুলাইমান জানান যে তাদের বাবাকে রাখা হয়েছে একটি অত্যন্ত ছোট এবং আলো বাতাসহীন কক্ষে যেখানে মাঝেমধ্যেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমন এক অন্ধকূপের মতো পরিবেশে একজন সাবেক প্রধানমন্ত্রীকে রাখা হয়েছে যেখানে মৌলিক মানবাধিকারের বালাই নেই। সন্তানদের মনে এখন তীব্র শঙ্কা জেঁকে বসেছে যে তারা হয়তো আর কখনোই তাদের বাবাকে জীবিত দেখতে পাবেন না। প্রতিরক্ষা মন্ত্রণালয় সাক্ষাতের আশ্বাস দিলেও সরকারের ক্রমবর্ধমান কঠোর অবস্থানের কারণে সন্তানদের সেই ভরসা এখন ম্লান হয়ে গেছে।
সাক্ষাৎকারে সুলাইমান খান স্পষ্ট করে বলেন, ইমরান খান তার আদর্শ থেকে বিচ্যুত হবেন না এবং মুক্তির বিনিময়ে কোনো রাজনৈতিক আপোস করবেন না। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপকেই এখন বাবার মুক্তির একমাত্র উপায় হিসেবে দেখছেন তারা।
আশ্চর্যের বিষয় হলো ৯২-এর বিশ্বকাপ জয়ী নায়ক এবং ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হওয়া সত্ত্বেও ইমরান খানের এই দুঃসময়ে বিশ্ব ক্রিকেট অঙ্গন ও নামী ক্রিকেটারদের নীরবতা লক্ষ্য করা গেছে যা অনেককেই হতাশ করেছে।
উল্লেখ্য যে, ২০২৩ সালের আগস্ট থেকে টানা বন্দি থাকা এই জনপ্রিয় নেতার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। দুই ছেলের এই আকুল আবেদন এখন আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/international/2025/12/18/newsid-1264/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ণ