NABO NEWS24
প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৯ অপরাহ্ণ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে স্যামসাং: বিদায়ী সাক্ষাতে প্রধান উপদেষ্টাকে জানালেন কোরিয়ার রাষ্ট্রদূত

লেখক: নব নিউজ ডেক্স

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন। কূটনৈতিক কার্যকাল সম্পন্ন উপলক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত পার্ক সুদানের আবেই এলাকায় সম্প্রতি ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় শুভকামনা জানান এবং ১২ ফেব্রুয়ারি একটি স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা ব্যক্ত করেন।

আলোচনায় দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষ করে চট্টগ্রামে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ জোনের (কেইপিজেড) দীর্ঘদিনের সমস্যার সমাধান করা হয়েছে, যা কোরিয়ার বড় কোম্পানিগুলোকে বাংলাদেশে আসতে উৎসাহিত করবে।

রাষ্ট্রদূত পার্ক জানান, স্যামসাং বাংলাদেশে তাদের মোবাইল ফোন উৎপাদনসহ অন্যান্য কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে নতুন দফার আলোচনার বিষয়ে তারা আশাবাদী। এই চুক্তি সম্পন্ন হলে দক্ষিণ কোরিয়ার বিশাল বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে। বর্তমানে কোরিয়ার পোশাক আমদানির মাত্র পাঁচ শতাংশের কম বাংলাদেশ থেকে যায়, যেখানে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া মুক্ত বাণিজ্য সুবিধার কারণে বাজারটি নিয়ন্ত্রণ করছে।

দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশি তরুণদের দক্ষতা বৃদ্ধিতে আরও প্রশিক্ষণ কেন্দ্র এবং ভাষা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2025/12/17/newsid-1244/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ