যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে জামালপুরের মাদারগঞ্জে মহান বিজয় দিবস–২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে জাতীয় সংগীতের তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পায়রা ও ফানুস উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, ডিসপ্লে ও মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
দুপুরে উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও সুমন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক রেজাউল করিম আজাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
এছাড়া দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করে। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে উপজেলা চত্বরে বিজয়মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2025/12/16/newsid-1195/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ণ