NABO NEWS24
প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ণ

বিজয়োল্লাসে সাভারের স্মৃতিসৌধ: জনসমুদ্র আর রাষ্ট্রীয় শ্রদ্ধায় স্মরণ বীর শহীদদের

লেখক: নব নিউজ ডেক্স

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছিল সর্বস্তরের জনতার ঢল। বীর শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ, যা পরিণত হয় এক জনসমুদ্রে।

দিনের প্রথম প্রহরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরপরই সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে, প্রায় এক মাস ধরে প্রস্তুতি ও গত চারদিনের প্রবেশ নিষেধাজ্ঞার পর মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বীর সন্তানদের স্মরণ করতে ভিড় করেন।

সরেজমিনে দেখা যায়, স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হন। তাদের নিবেদিত পুষ্পস্তবকে ফুলে ফুলে ভরে ওঠে বীর শহীদদের বেদী।

জাতীয় স্মৃতিসৌধে আসা কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, তিনি পরিবারের সঙ্গে প্রথম স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন। মুক্তিযোদ্ধা দেখতে না পেলেও বইয়ে পড়া সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি আবেগাপ্লুত। আরেক দর্শনার্থী সোহাগ মাহমুদ জানান, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি প্রতি বছরই স্মৃতিসৌধে আসেন।

রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন

সকাল ৬টা ৩৩ মিনিটে দিনের প্রথম প্রহরে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও তাদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এরপর সকাল ৬টা ৫৭ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, কূটনীতিকসহ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উৎসবের আমেজ ঢাকায়

নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ জাতি বিজয় দিবস পালন করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। এদিকে, বিজয়ের ৫৫ বছর উদযাপনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সোমবার সন্ধ্যা থেকেই লাল-সবুজের বর্ণিল আলোকচ্ছটায় ঝলমলিয়ে উঠেছে, যা নগরবাসীকে মুগ্ধ করেছে।

প্রধান সম্পাদক: মোঃ রেজাউল্লাহ রেজা

প্রকাশক: মোঃ নাজমুল হুসাইন

নির্বাহী সম্পাদক: মোঃ তরিকুল ইসলাম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বিটিএ টাওয়ার (১২ তলা), ২৯ কামাল আতাতুর্ক এভিনিউ, রোড#১৭, বনানী সি/এ, ঢাকা-১২১৩।

ফোন : ০২-২২৬৬০৩৩৭, ০১৭১১-৬৫৪৭৬৬
ই-মেইল : info@nabonews24.com, nabonews24@yahoo.com (News)

(A Sister Concern of Fujisan Properties Ltd.)

QR Code

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।

https://www.nabonews24.com/national/2025/12/16/newsid-1191/

© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ণ