বরেন্দ্র অঞ্চলে পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে শিশু সাজিদের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানসহ সকল অরক্ষিত নলকূপ স্থায়ীভাবে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া রবিবার (১৪ ডিসেম্বর) নোটিশটি প্রেরণ করেন।
লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় শত শত পরিত্যক্ত ও অরক্ষিত নলকূপ জনসাধারণের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। সম্প্রতি রাজশাহী জেলার তানোর উপজেলার কোয়েলহাট পূর্ব পাড়া গ্রামে একটি পরিত্যক্ত নলকূপে পড়ে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে চরম অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার সুস্পষ্ট প্রমাণ।
নোটিশে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদ অনুযায়ী জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে এবং পনেরো দিনের মধ্যে একাধিক নির্দেশনা বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে—সব পরিত্যক্ত নলকূপ চিহ্নিত করে জরিপ সম্পন্ন করা, রাষ্ট্রীয় ব্যয়ে সেগুলোকে সিল বা ভরাট করে স্থায়ীভাবে বন্ধ করা, অবৈধ নলকূপ খননে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, নিরাপদ নলকূপ ব্যবস্থাপনার জন্য মানসম্মত কার্যপ্রণালি (SOP) প্রণয়ন, অননুমোদিত নলকূপ স্থাপন রোধে কঠোর নজরদারি এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ।
আইনজীবী জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে বিষয়টি জনস্বার্থ মামলা (PIL) হিসেবে হাইকোর্ট ডিভিশনে দায়ের করা হবে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/saradesh/2025/12/14/newsid-1161/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ণ