সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএন) ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।
গতকাল, ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা এই দুঃসংবাদ পেয়ে তাঁর গভীর মর্মাহত হওয়ার কথা জানান। তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব পালনের সময় ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং ৮ জনের আহত হওয়ার সংবাদটি অত্যন্ত বেদনাদায়ক। তিনি এই আত্মত্যাগকে জাতির জন্য গৌরবের হলেও গভীর বেদনার বলেও উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে তিনি আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলেও প্রধান উপদেষ্টা উল্লেখ করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, সরকার এই দুঃসময়ে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে।
বিবৃতিতে প্রফেসর ইউনূস এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং শান্তিরক্ষীদের ওপর হামলাকে আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেন। তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পরিশেষে জানানো হয়, নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে নিবিড় যোগাযোগ চালিয়ে যাচ্ছে।
আপনার মোবাইল দিয়ে এই QR কোডটি স্ক্যান করে বিস্তারিত খবরটি অনলাইনে পড়ুন।
https://www.nabonews24.com/national/2025/12/14/newsid-1155/© NABO NEWS24 | প্রিন্ট/ডাউনলোড: ০১-০৭-২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ণ